জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে উপজেলার আটগ্রাম সংলগ্ন সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় বাইচের নৌকা ডুবে নিখোঁজ হাসিম আলীকে (৫০) গত ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাসিম আলী উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রাজিব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইচের দুই নৌকার প্রতিযোগিতার সময় ইঞ্জিন চালিত নৌকার ঢেউয়ে একটি নৌকা ডুবে গেলে নিখোঁজ হন হাসিম আলী। সোমবার (১৫ সেপ্টেম্বর/৩১ ভাদ্র) সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে চলে যায়।
নদীতে ইঞ্জিন নৌকাগুলোর বিশৃঙ্খল চলাচলের ফলেই ঢেউয়ে এ নৌকাডুবি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এ ব্যাপারে নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, নৌকাটি বাইচের নির্ধারিত সীমানা বাইয়ে গিয়ে ডুবেছে।
বারহাল ইউপি সদস্য ঈমান উদ্দিন বলেন, এক ছেলে ও চার মেয়ের জনক হাসিম আলী নিখোঁজের ঘটনায় তার পরিবারের লোকজন চরম উদ্বেগের মধ্যে আছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত না করেই এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো মাহবুবুর রহমান জানান, এ নৌকা বাইচ প্রতিযোগিতার বিষয়ে তারা অবগত ছিলেন না। কেউ তাদের নিকট থেকে অনুমতি নেয়নি। তবে নিখোঁজের বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস চেষ্টা চালায়।