জকিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার || মৃত্যু রহস্যজনক দাবি

প্রকাশিত June 25, 2025
জকিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার || মৃত্যু রহস্যজনক দাবি

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বসতঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম সুজিয়া বেগম। বয়স ৩৩ বছর। তিনি উপজেলার বারহাল ইউয়িনের মাইজগ্রামের দুবাই প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রসিদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
বুধবার (২৫ জুন/১১ আষাঢ়) ভোরে পরিবারের লোকজন সুজিয়া বেগমকে গলাকাটা অবস্থায় দেখতে পান। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মোক্তার হোসেনের ভাগনা আব্দুল্লাহ জানান, প্রায় ১১ বছর পূর্বে প্রবাসী মোক্তার হোসেনের সাথে সুজিয়া বেগমের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের একটি সন্তান জন্ম নিয়ে মারা যায়। এর পর থেকে গৃহবধূ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের লোকজনের ধারণা।
তবে আশেপাশের অনেকেই জানান, সুজিয়া বেগম পুরোপুরি সুস্থ ছিলেন। তার মৃত্যু রহস্যজনক বলে তারা দাবি করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, রান্নাঘরের পাশে সুজিয়া বেগমের মরদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।