জকিগঞ্জে থানায় অভিযোগ দেওয়ায় খড়ের ঘরে আগুন || আহত ২ নারী

প্রকাশিত March 5, 2024
জকিগঞ্জে থানায় অভিযোগ দেওয়ায় খড়ের ঘরে আগুন || আহত ২ নারী

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ থানায় অভিযোগ দেওয়ায় অভিযোগকারী পক্ষের খড়ের ঘর জালিয়ে দেওয়া হয়েছে। এ সময় বাধা দেওয়ায় পিটিয়ে আহত করা হয়েছে দুই নারীকে। ৪ মার্চ সকাল ৭টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের হরাই ত্রিলোচন গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই নারী খায়রুল আলমের স্ত্রী ফারজানা বেগম (৫২) ও সামছুল আলমের স্ত্রী আমিনা বেগমকে (৪০) জকিগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়; কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খায়রুল আলমের ভাতিজা আশিকে এলাহি জানান, ২ মার্চ তাদের নির্মাণাধীন বসতঘরের দেয়াল ও পিলার উপড়ে নিয়ে যান পাশের বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল জলিল জুলু (৪০), মশিউর রহমান মুশিল (৩৭) ও আবুল কালাম কালা (৬০)। এ ঘটনায় পরদিন রাতে জকিগঞ্জ থানায় খায়রুল আলম বাদি হয়ে একটি অভিযোগ দিলে প্রতিপক্ষ তাদের একটি রেইট্রি গাছ কেটে ফেলে ও খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ফারজানা বেগম ও আমিনা বেগমকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত আব্দুল জলিল জুলু মারধর ও খড়ের ঘর জ্বালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের জায়গায় অন্যরা ঘর নির্মাণ করায় তারা তা ভেঙ্গে দিয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।