জকিগঞ্জে আল্লামা হাবিবুর রহমানের দ্বিতীয় ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত February 8, 2024
জকিগঞ্জে আল্লামা হাবিবুর রহমানের দ্বিতীয় ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লামা হাবিবুর রহমান (র) ছিলেন এক অনুসরণীয় ও অনুকরণীয় পুরুষ। তিনি সারাটি জীবন ইলমে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ইলমে তাসাউফে ছিল তার অগাধ পাণ্ডিত্য। দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন তার হাতে গড়া অনেক সফল মানুষ। বৃহত্তর সিলেটসহ সারাদেশে তার হাতে গড়া আলেমেদ্বীন অনেক মসজিদ, মাদরাসা এবং খানকা দক্ষতা ও সফলতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন।
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী আরও বলেছেন, আল্লামা হাবিবুর রহমান (র) আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব ক্বিবলার অন্যতম খলিফা ও বিশেষ স্নেহের পাত্র ছিলেন। সাহেব ক্বিবলা তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তার সারাজীবনের বিভিন্ন পর্যায়ের খেদমত প্রশংসার দাবি রাখে।
বুধবার, ৭ ফেব্রুয়ারি (২৫ মাঘ) সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রারাই গ্রামে মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত আল্লামা হাবিবুর রহমানের (র) দ্বিতীয় ইসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী এসব কথা বলেন।
মাওলানা আব্দুল আউয়াল হেলাল ও মাওলানা ফদ্বলুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী, সোবহানীঘাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, ঢাকা মহাখালি কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, ঢাকা দারুন্নাজাত কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা উসমান গণি সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড শহিদুল হক, মাওলানা আবি আব্দিল্লাহ মো আইনুল হুদা (আমেরিকা), হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা আবু নছর জিহাদী (ঢাকা), উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা আজিজুর রহমান, হাফিজ মাওলানা ফারুক আহমদ, মাওলানা মোশাহিদ আহমদ কামালী, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা শিহাব উদ্দিন খাদিমানী, অধ্যক্ষ মাওলানা আব্দুর মুক্তাদির খান প্রমুখ।