জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বহুল আলোচিত ব্যবসায়ী নোমান হত্যা মামলার তদন্তের দায়িত্ব বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির হাতে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে নোমান হত্যা মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মুমিন জানান, নিহত নোমানের পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন।
সিআইডির হাতে তদন্তভার যাওয়ায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের বিষয়ে নোমানের পরিবার আশাবাদ ব্যক্ত করেছে।
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান হত্যার প্রায় ২ মাস ২১ দিন পর মামলাটির তদন্তভার পাচ্ছে সিআইডি। এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত না হওয়ায় জনমনে নানা প্রশ্ন রয়েছে।