চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত March 17, 2026
চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় একটি মাইক্রোবাসও আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৭ মার্চ/৩ চৈত্র) রাত ৪টার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের আমু চা-বাগান এলাকায় অভিযান চালায়।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি একটি সাদা নোয়াহ্ মাইক্রোবাস ফেলে রেখে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করেন।
পরে তাদের দেখানো মতে মাইক্রোবাসের ভেতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাইক্রোবাসটিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো একই উপজেলার হাপটার হাওর এলাকার মুক্তার মিয়া (২৯, পিতা মৃত- তোতা মিয়া) ও সাকিব ইসলাম (২২, পিতা অনু মিয়া) এবং নালুয়া চা-বাগান এলাকার পলাশ তাঁতি (২৭, পিতা মৃত মধুমঙ্গল তাঁতি)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।