চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত November 21, 2023
চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে।
মঙ্গলবার, ২১ নভেম্বর দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও হুসেন আলীর ছেলে সালা উদ্দিন (২৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, রানীগাঁও ইউনিয়নের গরমছড়ি গ্রামের আব্দুল হকের স্ত্রী-কন্যাকে ২০২০ সালের ২ অক্টোবর রাত ৮টার দিকে আসামিরা ঘরে প্রবেশ করে জোরপূর্বক গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ২০ জুন আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হলো। প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।