চুনারুঘাটে প্রতিবন্ধীকে গণধর্ষণ || ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত August 31, 2025
চুনারুঘাটে প্রতিবন্ধীকে গণধর্ষণ || ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক প্রতিবন্ধী যুবতিকে গণধর্ষণের দায়ে একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গত ৯ মার্চ এই প্রতিবন্ধী যুবতির বিয়ে হয় একই গ্রামের এক মধ্য বয়েসীর সাথে। তাদের দাম্পত্য জীবনের একপর্যায়ে স্ত্রী বিয়ের আগে থেকেই অন্তঃস্বত্তা বলে বুঝতে পেরে স্বামী তার শ্বশুরকে জানান। এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদে গৃহবধূ জানায়, বিয়ের আগে আবু তাহের ও আকবর আলী নামে দু’জন বিভিন্ন সময়ে তাকে প্রলুদ্ধ করে গণধর্ষণ করছে।
স্বামীর সন্দেহের জের ধরে গত ৮ মে ডাক্তারির পরীক্ষার মাধ্যমে গৃহবধূ ২৭ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়।
এই ঘটনায় গৃহবধূর পিতা বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (৩০ আগস্ট) বিকেল পৌণে ৫টার দিকে উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি মো আকবর আলীকে (৩৫, পিতা মো সাহেব আলী, উসমানপুর, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।