চুনারুঘাটে তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হবিগঞ্জে মানববন্ধন

প্রকাশিত June 5, 2023
চুনারুঘাটে তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হবিগঞ্জে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তিন টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে হবিগঞ্জের সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
রবিবার, ৪ জুন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। মানববন্ধনে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ ও আজহারুল ইসলাম মুরাদ।
বক্তারা বলেন, গত ১৭ মে চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। অভিযানের খবর সংগ্রহে গিয়ে তখন তিন টেলিভিশন সাংবাদিক বালু খেকোদের হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়ের করার ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করেনি।
তারা অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।