গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্ট রিজিওনের অভিষেক অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকশ করে বলেছেন, ‘আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল থাকে; কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহূর্তে প্রশাসনিক অবহেলা আর বঞ্চনার শিকার হচ্ছি। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।’
কেন্ট শহরের একটি সেন্টারে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদের সভাপতিত্বে শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদেরকে শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।
কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও সাউথ ইস্ট রিজিওনাল কেন্দ্রীয় কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড মুজিবুর রহমান, সাউথ ইস্ট রিজিওনাল জয়েন্ট কনভেনর রেজাউল করিম সিপার, সদস্য সচিব তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল, মুক্তিযোদ্ধা সন্তান কবি নূরজাহান রহমান শিল্পী ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্ট রিজিওনাল নতুন কমিটিতে যুবসংগঠক মুক্তার আলীকে চেয়ারপার্সন, তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারি, আব্দুল আহাদকে ট্রেজারার ও কবি নূরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়।
সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের ইসহালে সওয়াব উপলক্ষে মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা এবং মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন আসফোড মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মিজানুর রহমান।
সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, প্রবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ, ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং বাংলাদেশ হাইকমিশনে নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানোর দাবি জানান।
প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ড হাসনাত এম হোসাইন এমবিই সিলেট-ঢাকা মহাসড়ক, রেলপথ ও বিমানপথে চলমান জনদুর্ভোগ লাঘবে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।–সংবাদ বিজ্ঞপ্তি