গোয়াইনঘাটে পুলিশের অভিযানে হত্যামামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত June 27, 2022
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে হত্যামামলার ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চাঞ্চল্যকর অরেশ নমশূদ্র হত্যামামলার মূল ৩ আসামি গ্রেফতার হয়েছে।
পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন্ সালেহর তত্ত্বাবধানে গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশ সাঁড়াশি অভিযান এই ৩ জনকে গ্রেফতার করে।
শনিবার বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী হোয়াপাড়া এলাকা হতে হত্যামামলার মূল আসামি পিরিজপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুর ১২টায় মামলার অপর দুই আসামি গোয়াইন গ্রামের ছয়ফুল আলমের ছেলে সুহেল মিয়া ও চেরাগ আলীর ছেলে শাহনুর মিয়াকে পুলিশ গ্রেফতার করে।
গত ২৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের অরেশ নমশূদ্র বাড়ি হতে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তার উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে অরেশ নমশূদ্রর মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।