সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ একাধিক মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত ছয়ফুল মিয়াকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইন-শৃংখলা রক্ষার ধারাবাহিকতায় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল গোলাপগঞ্জ থানা পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর কালভার্টের নিকট থেকে একাধিক পরোয়ানাভুক্ত আসামি ছয়ফুল মিয়াকে (২৮, পিতা মৃত ফজলুর রহমান, নন্দিরফল, বিয়ানীবাজার, সিলেট) গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
এ সময় তার নিকট থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আভিযানিক দলের নেতৃত্বে ছিলেন গোলাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও এসআই লুৎফুর রহমান। অভিযানের সার্বিক দিক নির্দেশনা দেন অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।