গোলাপগঞ্জে বিদেশী চকলেট ও মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত May 9, 2026
গোলাপগঞ্জে বিদেশী চকলেট ও মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিদেশী চকলেট ও মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (৯ মে/২৬ বৈশাখ) রাত দেড়টার দিকে উপজেলার শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি যাত্রীবাহী বাস আটক করলে এক মহিলা পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তখন তাকে আটক করেন।
পরে তার হেফাজতে থাকা ৬ হাজার ৮৮০ পিস চকলেটসহ পাপিয়া আক্তার (২৫, স্বামী পলাশ মিয়া, টিউরী, কালীগঞ্জ, গাজীপুর) নামের এই নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চকলেটের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
এছাড়াও একই যাত্রীবাহী বাসটির ভিতরে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশী মদসহ মো নাহিদুল ইসলাম জয় (২৯, পিতা মো বাদশা আলম, বোগড়া, বাসন, গাজীপুর) ও মো আরমান (২৬, পিতা মো শামীম, পল্লবী, ঢাকা)-এ দুজনকে গ্রেফতার করা হয়
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।