গোলাপগঞ্জে অভিযানে গ্রেফতার ৪ জন || পুলিশের দাবি দুর্ধর্ষ ‘ডাকাত’

প্রকাশিত October 12, 2022
গোলাপগঞ্জে অভিযানে গ্রেফতার ৪ জন || পুলিশের দাবি দুর্ধর্ষ ‘ডাকাত’

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৪ দুর্ধর্ষ ‘ডাকাত’ গ্রেফতার হয়েছে।
সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদারের তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলামের নেতৃত্বে ফুলসাইন্দ গ্রামে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশের নিকট খবর আসে, ৭/৮ জনের একটি ডাকাত দল ফুলসাইন্দ এলাকায় রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হবে। এর সত্যতা নিশ্চিত করতে থানা পুলিশের একাধিক দল মাঠে অবস্থান নেয়।
একসময় ডাকাত দলের সদস্যরা ফুলসাইন্দ গ্রামে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোরগঞ্জের নিকলি উপজেলার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়া মেরাজের ছেলে মোখলেছুর রহমান (৪০), সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলপাড়া গ্রামের মহিবউল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৩) ও গোলাপগঞ্জের বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো হারুন রশিদকে (৩২) গ্রেফতার করে।
গ্রেফতারকালে তাদের নিকট থেকে ২টি রামদা, ১টি তালা ভাঙার স্লাই রেঞ্জ, ২টি জিআই পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হিরো হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই ৪ জনই দুর্ধর্ষ ‘ডাকাত’ বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ সুপার জানিয়েছেন, আসন্ন শীতে প্রবাসী অধ্যুষিত সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেশাদার ডাকাত সদস্য ও দলের প্রতি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।