জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা-ডিবির অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ জুড়ী উপজেলায় ‘কুটিমুটি’ নামে ব্যাপক পরিচিত আব্দুল মতিন মজুমদার আটক হয়েছে।
শনিবার, ৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আব্দুল মতিন মজুমদার কুটিমুটি উপজেলার মনতৈল গ্রামের মৃত হাবিব আলী মজুমদারের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের আতিকুর রহমান তারেক নামে একজনের নিকট ট্যাবলেটগুলো তার বিক্রি করার কথা ছিল।
এ ঘটনায় ডিবির এসআই আজিজুর রহমান নাইম বাদি হয়ে আটক আব্দুল মতিন মজুমদার ও পলাতক আতিকুর রহমান তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনর জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।