বাংলাদেশের সক্ষমতার প্রমাণ প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত স্বপ্নের সেতু নিয়ে প্রথম সিনেমা ‘পদ্মা সেতু’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে।
সেন্সর সার্টিফিকেট পেলে আগামী আগস্ট মাসেই সিনেমাটি মুক্তি পাবে।
‘পদ্মা সেতু’র প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, ৬ জুলাই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। অচিরেই সেটা সেন্সর বোর্ডে দেখার কথা রয়েছে।
ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পাবে এবং সবাই ছবিটি দেখে প্রশংসা করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সেন্সর বোর্ডের সচিব মো মমিনুল হক জানিয়েছেন, ‘পদ্মা সেতু’ সিনেমাটি নিয়ে অনেকে আগ্রহী। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। শিডিউল মতো দেখা হবে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেতে পারে।
ঐতিহাসিক পদ্মা সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প।
বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ও আজাদ পরিচালিত ‘পদ্মা সেতু’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল ইসলাম প্রমুখ।
জুন মাসের শুরুতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ নামে এই সিনেমার শুটিং শুরু হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পদ্মা সেতু’। এ নামেই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে।-সংবাদ বিজ্ঞপ্তি