গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার

প্রকাশিত February 7, 2026
গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার

প্রধান তথ্য অফিসার মো নিজামূল কবীর বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ। দেশের যেকোন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদফতর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ জন্য প্রস্তুতকৃত সচেতনতামূলক বিভিন্ন কন্টেন্ট, টিভিসি, থিম সং ও বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রচারণা চালানো এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভিন্ন বিভাগে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণভোট নিয়ে তরুণরা অত্যন্ত উচ্ছ্বসিত। তরুণদের এ উচ্ছ্বাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি গ্রামের সাধারণ জনগণ ও নারীদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। গণভোট কী, কেন এবং কীভাবে ভোট দিতে হবে-এসব বিষয়ে জনগণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা ও আচরণবিধি সহজভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে।
উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন৷
এসময় সিনিয়র তথ্য অফিসার কে এম খালিদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য অফিসার বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকগণ তাদের মতামত ও নির্বাচন বিষয়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তথ্য বিবরণী/পিআইডি সিলেট