বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রে কথিত ওয়ান-ইলেভেনের মাধ্যমে দেশে গণতন্ত্রহীনতার একটি ঘৃণ্য ধারা সৃষ্টি করা হয়। সেই ধারাবাহিকতায় গণতন্ত্রকে ক্ষত-বিক্ষত করে দেশে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। দেশে মানবাধিকার ও ভোটাধিকার বলে কিছু নেই। বিচারের বাণী আজ সর্বত্র কাঁদছে। গণতন্ত্রকে এক ব্যক্তির মন মর্জিমাফিক কাজে পরিণত করা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।
বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘১১ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও সিলেট জেলা উত্তরের সেক্রেটারি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড নূরুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, রফিকুল ইসলাম, মু আনোয়ার আলী ও শফিকুল আলম মফিক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি