খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে : লে কর্নেল মেহেদী হাসান

প্রকাশিত October 21, 2024
খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে : লে কর্নেল মেহেদী হাসান

জুড়ী থেকে সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রূপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও উদ্যমী রাখা সকলের দায়িত্ব। বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকাণ্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র-রত্না আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রত্নার প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহসভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল আজিজ, ইউপি মেম্বার কামরুল ইসলাম, সমাজসেবক শাহীন আহমেদ রুলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, ডা নজরুল ইসলাম নয়ন, আব্দুল হেকিম ইমন, সমাজসেবক রুবেল আহমেদ, আব্দুর রব, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সুমন রায় শিশু প্রমুখ।
সভাপতির বক্তব্যে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুবসমাজকে প্রস্তুত হতে হবে।
প্রীতি ম্যাচে প্রভাতী ক্রীড়া চক্র, রত্নাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে টাইব্রেকারে হারিয়ে আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ জয়লাভ করে।