খালেদা জিয়া ছিলেন এ দেশের আপামর মানুষের ঘনিষ্ঠজন : ফয়সল

প্রকাশিত January 8, 2026
খালেদা জিয়া ছিলেন এ দেশের আপামর মানুষের ঘনিষ্ঠজন : ফয়সল

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিলে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের আপামর মানুষের ঘনিষ্ঠজন। মা, মাটি ও মানুষের সাথে ছিল তার আত্মীক সম্পর্ক। তার কাছে সবার আগে ছিল দেশ। দেশ ও মানুষের উন্নতিই ছিল তার চিন্তা, ধ্যান। নিজের কর্মগুণে তিনি হয়ে ওঠেছিলেন উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এক অবিসংবাদিত নেতা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি/২৪ পৌষ) বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়েজিত এই শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি অভিভাবক হারিয়েছে। এই ক্ষতি কিছুতেই পূরণ হওয়ার নয়। আমাদেরকে বেগম জিয়ার চিন্তাকে ধারণ করতে হবে, দেশের উন্নয়নে তার ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি আমাদের হৃদয়ে ভাস্বর হয়ে থাকবেন।”
তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক ওবায়দুল হকের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্মসম্পাদক গিয়াসউদ্দিন, সিনিয়র সহসভাপতি কামাল আহমদ, জেলা তাঁতী দলের সদস্য আব্দুল খালিক, হোসেন আহমেদ মেম্বার, বলাই মেম্বার, বিলাল আহমদ মেম্বার, আমিনুল ইসলাম, যুবদল নেতা আব্দুস শুক্কুর, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শাহাজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ প্রমুখ।
শোকসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাটিজুরা মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি