বিশেষ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লোভা হাওর ও পিঁপড়াখাই হাওরের কয়েকশ একর সরকারি খাস জমি প্রভাবশালীদের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনও করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর/১০ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিখাল গ্রামের কৃষক মো ইমন মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের অন্তর্গত লোভা হাওর ও পিঁপড়াখাই হাওরের কয়েকশ একর খাস জমি নামে-বেনামে বন্দোবস্তের মাধ্যমে দখল করে রেখেছেন পার্শবর্তী গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে হাওরবেষ্টিত এই জনপদের অসংখ্য কৃষক কৃষিকাজ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের মধ্যে আছেন ভূমিহীনরাও। বংশপরম্পরায় কৃষিই তাদের মূল পেশা। কৃষিকাজ করতে না পারায় তাদের জীবনে নেমে এসেছে অমানিশা। অথচ প্রকৃত এই কৃষক ও ভূমিহীনদের অধিকার সুরক্ষা করা গেলে ভবিষ্যৎ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হতো। তাই প্রকৃত কৃষক ও ভূমিহীনদের স্বার্থ সুরক্ষায় দখলকৃত জমিগুলো উদ্ধার করা প্রয়োজন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিম ও তাদের সহযোগীরা ভুয়া দলিল তৈরি করে প্রভাব খাঁটিয়ে সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়েছেন।
এসব জমি উদ্ধার করতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কৃষক আমির আলী, শফিক মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী, আল আমিন প্রমুখ।