বিশেষ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন। কেউ কেউ দাবি করছেন-গ্রিন সিগনাল পেয়েছেন; কিন্তু প্রার্থী মনোনয়নের বিষয়ে একমাত্র দলের হাইকমান্ডে সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।
বুধবার (১ অক্টোবর/১৬ আশ্বিন) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এম এ মালিক বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।
তিনি আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে-এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন। তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।
উল্লেখ্য, লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সময় এম এ মালিক তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন। পরবর্তী সময়ে ৩ আগস্ট তিনি আবার লন্ডন যান।