কিশোরগঞ্জের ফণিভূষণ হত্যা মামলার ২ আসামি শ্রীমঙ্গলে গ্রেফতার

প্রকাশিত March 3, 2026
কিশোরগঞ্জের ফণিভূষণ হত্যা মামলার ২ আসামি শ্রীমঙ্গলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব কিশোরগঞ্জের ফণিভূষণ সরকার হত্যা মামলার ২ আসামিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা ফণিভূষণ সরকার (৩২) জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ১৭ ফেব্রুয়ারি অনুমান দুপুর ১২টায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় তার ভাই বাদি হয়ে ইটনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (২ মার্চ) আনুমানিক সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড সিএনজি স্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৫ ও ৬ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো ইটনা উপজেলার কামালপুর গ্রামের অজিত দাস (৪৭, পিতা সুনিল চন্দ্র দাস) ও হিমেল দাস (৩৫, পিতা হরিপদ দাস)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।