নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলায় পুলিশের অভিযানে একটি সিএনজি অটোরিকশা ও ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মো গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে (২৪, পিতা মৃত শামীম আহমদ, নারাইনপুর, কানাইঘাট, সিলেট) একটি অটোরিকশা ও ৩ বস্তায় মোট ১৯২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স চয়েস মদসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তবে পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
পুলিশ জানায়, করিম উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার দেওয়া তথ্য মতে, তারা ভারতীয় সীমান্ত এলাকা হতে এই মদ সংগ্রহ করে নারাইনপুরে সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।