নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় জেলা বিএনপির সভাপতি, সিলেট-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বিশাল গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বিএনপির ২০ হাজারের বেশি নেতা-কর্মী-সমর্থক যোগ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর/১২ কার্তিক) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমার চন্ডীপুল পয়েন্ট থেকে গণমিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ”আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন এবং চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলেছেন।”
তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, মনোনয়ন পাওয়ার পর কোনো মিছিল বা মিষ্টি বিতরণ করা যাবে না-এতে দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণকে ভয় দেখিয়ে বা কৌশলের আশ্রয়ে রাজনীতি করতে চায়—এমন শক্তির বিরুদ্ধে বিএনপি দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, সিলেটবাসী নিজেদের ভৌগোলিক গুরুত্বের মতোই মান-মর্যাদা অক্ষুণ্ণ রেখে বীরোচিত অতীত থেকে সোনালী ভবিষ্যতের পথে এগিয়ে যাবেন। অঞ্চলভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সিলেট ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।
প্রবাসী, ব্যবসায়ী, আলেম ও নারী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি তাদের পাশে রয়েছে এবং থাকবে। প্রবাসীদের ন্যায্য দাবি, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা ও আলেম সমাজের মর্যাদা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর। নারীর অধিকার রক্ষা ও দেশ গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেও দল সচেষ্ট রয়েছে।
বিএনপির জেলা উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা সহসভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে ও জেলা যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জেলা উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, নূরুল আমিন দুলু, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমদ প্রমুখ।
সিলেট রেলস্টেশন এলাকায় সমাপনী সমাবেশের মধ্য দিয়ে গণমিছিলের পরিসমাপ্তি ঘটে।
গণসমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আব্দুল কাইয়ুম চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।