সাইফুল ইসলাম সুমন, জুড়ী : আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হবে।
দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সচেতন মহলের প্রত্রাশা, ভোটাররা রাবার ড্যামের সঠিক ব্যবস্থাপনায় সবদিক থেকে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাইফুর রহমান জমির প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘চেয়ার’ প্রতীক নিয়ে। আর ‘বই’ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন আব্দুল হান্নান। ভোটার ৩০৯ জন। তারা প্রত্যক্ষ ভোটে আগামী ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত করবেন।
ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জুড়ী উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে নির্বাচন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিনার আলী এবং সদস্য জুড়ী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুনীল কুমার বর্মন ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।
কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিটির সভাপতি জানিয়েছেন।