ওসমানীনগরে শিপন হত্যামামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত September 11, 2025
ওসমানীনগরে শিপন হত্যামামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরের আলোচিত শিপন মিয়া হত্যামামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর/২৭ ভাদ্র) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার ৬৩ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম জয়নুল হক ধন মিয়া (৫০)। তার পিতার নাম দরস উল্লাহ (মৃত)। বাড়ি ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের শিকার শিপন মিয়াও একই গ্রামের আশিক মিয়ার পুত্র।
মামলার রায়ে আরও ৮ আসামিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই আসামিরা হলেন একই এলাকার সাদিক মিয়া, মোস্তফা মিয়া, ফরিদ মিয়া, আলা মিয়া, সেলিম মিয়া, হেলিম মিয়া, সাজ্জাদ মিয়া ও মানিক মিয়া। তারা উচ্চ আদালতে আপিল দায়েরের শর্তে জামিন পেয়েছেন। এছাড়া ১৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বাদিপক্ষের আইনজীবী দেবাশীষ পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৬ মে ঈশাগ্রাই গ্রামে মানিক মিয়ার গরু একই গ্রামের ছুরাব আলীর ধান খাওয়াকে কেন্দ্র করে পূর্ব থেকে বিবদমান দুই পক্ষের মানিক মিয়া ও ধন মিয়া পক্ষ দলবল নিয়ে অপর পক্ষ শিপন মিয়ার পরিবারের উপর আক্রমণ চালায়। এতে ছুলফির আঘাতে গুরুত্র জখম হন শিপন মিয়া। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন শিপন মিয়ার বড়ভাই রিপন মিয়া বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদি রিপন মিয়া জানান, তার আশা ছিলো ধন মিয়ার ফাঁসি হবে।