সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের উদ্যোগে ‘স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর/১৬ অগ্রহায়ণ) সকাল ১১টায় মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৮০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো ফরিদ আহমেদ, এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মো তৌফিক এজদানী চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর পান্না বসু, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল হক ও গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর তপতী চৌধুরী।
অনুষ্ঠানে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান বলেন, “বর্তমান সময়ে উচ্চশিক্ষার পথ শুধুমাত্র মেধার ওপর নির্ভর করেনা; আর্থিক সচ্ছলতা, সামাজিক সহায়তা ও মানসিক অনুপ্রেরণা শিক্ষার্থীর ভবিষ্যত গঠনে সমানভাবে জরুরি। অ্যালামনাইদের এই বৃত্তি প্রোগ্রাম সেই ঘাটতি পূরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো ফরিদ আহমেদ বলেন, “আপনারা যে উদারতা দেখালেন, তা ভবিষ্যত প্রজন্মকে আলোকিত করবে। আজ যারা বৃত্তি পেলো, তারা একদিন সমাজের বিভিন্ন স্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই আমাদের বিশ্বাস।”
এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।
স্কলারশিপ সাব-কমিটির মেম্বার কবির চৌধুরী বলেন, “এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তারা বিদেশে থেকেও মাতৃপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণে যে আন্তরিকতা দেখাচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। তাদের এই উদ্যোগ প্রমাণ করে—একবার এমসি কলেজের শিক্ষার্থী মানেই আজীবনের বন্ধন।”
সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ স্কলারশিপ প্রোগ্রাম ইউএসএর চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, “এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা সবসময়ই চাই, আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন আর্থিক প্রতিবন্ধকতা ছাড়াই তাদের মেধা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।” –সংবাদ বিজ্ঞপ্তি