একদল ফিনিক্সের উদ্যোগে সিলেটে বিশ্ব কবিতা দিবস উদযাপিত

প্রকাশিত March 23, 2023
একদল ফিনিক্সের উদ্যোগে সিলেটে বিশ্ব কবিতা দিবস উদযাপিত

‘বিভাজনের তিমিরে কবিতাই সমতা’ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার, ২১ মার্চ সিলেটে বিশ্ব কবিতা দিবস উদযাপিত হয়।
মহানগরীর পূর্ব জিন্দাবাজারে থিয়েটার একদল ফিনিক্সে উদ্যোগে ‘মানুষের জন্য কবিতা’ শিরোনামের এ আয়োজনে সভাপতিত্ব করেন আবুল হাসনাত স্বপন। ইমন হাসানের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের নবনির্বাচিত সভাপতি রজতকান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন যাদু ও আবৃত্তিশিল্পী অধ্যাপক শামীমা চৌধুরী সহ সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।
অধ্যাপক শামীমা চৌধুরী বলেন, ‘শ্রেণি-গোত্র-ধর্মীয় বিভাজনের এই সময়ে কবিতাই আমাদেরকে ঐক্য ও আদর্শে বলীয়ান করে তুলবে। আর কবিতার মাধ্যমেই এই সময়ের মানুষেরা পৌঁছে যাবে ঐ সময়ের মানুষের কাছে।’
উল্লেখ্য, ইউনেস্কো ১৯৯৯ সালের ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। একদল ফিনিক্স জন্মলগ্ন থেকে প্রতিবছর এই দিনটি পালন করছে। সংবাদ বিজ্ঞপ্তি