ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’ প্রকাশ করছে ডিএমএস

প্রকাশিত March 4, 2022
ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’ প্রকাশ করছে ডিএমএস

গত এক দশকে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী, হালের ক্রেজ ইমরান মাহমুদুল। গান গাওয়ার পাশাপাশি তার সুর ও সংগীত পরিচালনায় অনেক শিল্পীর গানও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এ বছর রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজর অবস্থানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। গান করছেন নিয়মিত ।
এরই ধারাবাহিকতায় এবার তিনি শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন আরও একটি নতুন গান। শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন-ডিএমএস।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন, বর্তমান সময়ের আলোচিত ও তরুণ কন্ঠশিল্পী জিসান খান শুভ। গানটি গাওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজনও করেছেন ইমরান।
ত্রিভুজ প্রেমের দারুণ এক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সঙ্গে ভিডিওতে জুটি বেঁধেছেন সামন্তী সৌমী। সাথে আছেন আদর আহমেদ।
নতুন এই গান প্রসঙ্গে ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। তার গীতিকবিতাগুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। আর চন্দন দার ভিডিও মানেই ভিন্ন কিছু। এবারও তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবেন। আশা করছি, তাদের ভালো লাগবে গানটি।
ডিএমএস জানায়, আগামী ১০ মার্চ তাদের ইউটিউবে গানটি প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।-সংবাদ বিজ্ঞপ্তি