‘পুলিশ-জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেট ইউনিটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার, ৪ নভেম্বর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের পুলিশ সুপার কার্যালয়ের প্রধান গেইট হতে সকাল ৯টায় শোভাযাত্রা বের করা হয়।
সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন ফুলকলি ফুড পোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বনফুল এন্ড কোম্পানির এজিএম জামসেদ উদ্দিন ও খাদিম সিরামিকের এডমিন মো নূরুজ্জামান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, কমিউনিটি পুলিশিং মূলত একটি প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা। এই ব্যবস্থায় অপরাধের কারণগুলো অনুসন্ধান করে সেগুলো দূর করার পদক্ষেপ গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, অপরাধের কারণগুলো দূর করা যেহেতু পুলিশের একার পক্ষে সম্ভব নয় তাই এই কাজে অন্যন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে শিল্প কারখানার মালিক-শ্রমিকসহ সকল পর্যায়ের ব্যক্তিদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তথ্য বিবরণী