এস এ টিভিতে মনির হোসেন জীবনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বহ্নিশিখা’ ২৩ মার্চ থেকে প্রচার শুরু হচ্ছে।
প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে নাটকটি প্রচার করা হবে। নাটকটি লিখেছেন, মনির হোসেন জীবন ও ছোয়াইভিয়া আফরিন জেসিকা। পরিচালনা পর্ষদে আরও আছেন ফজলুল হক ও জহুরুল ইসলাম।
মনির হোসেন নাটকটি সম্পর্কে জানান, এই ‘বহ্নিশিখা’ বাহিনী হচ্ছে নির্যাতিত মানুষের পরম বন্ধু। আর অপরাধীর চরম শত্রু। সচেতনতামূলক এই নাটকে দেখা যাবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ১১জন নির্যাতিত নারীর (প্রতীকি) প্রতিবাদ।
দেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল থেকে, সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়াই একত্রিত হওয়া এগারোজন নারীর অন্যতম কাজ।
‘বহ্নিশিখা’ বাহিনীতে সাতজন নারীকে দেখা যাবে সাত রঙের পোশাকে। তারা সাত রঙের স্কুটি চালিয়ে সমাজের ইভটিজার, কিশোর গ্যাং, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, যৌতুক, জালটাকা, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) ও নারী পাচারকারী সহ বিভিন্ন অপরাধীকে খুঁজে বের করে। বাকিরা থাকবে বহুরূপী সাজে। অপরাধীদের কাছে এই বাহিনীকে ‘লেডি মাস্তান’ হিসেবে আখ্যায়িত।
রোমান্টিক, কমেডি, এ্যাকশনধর্মী ও বিষয়ভিত্তিক সমাজ সচেতনতামূলক এই ‘বহ্নিশিখা’ নাটকটিতে পরিচালক মনির হোসেন জীবন বরাবরের মতো পুরাতন তারকা অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি নতুনদের সমন্বয় ঘটিয়েছেন।
‘লেডি মাস্তান’ বাহিনীতে আছেন, শবনম পারভীন, নীলা ইসলাম, সঞ্চিতা দত্ত, সীমানা শীলা, সাবরিনা সুইটি, সিমরান, তামান্না সরকার, আইরিন রিয়া, নকসি তাবাসসুম, কানিজ সুপ্তা, নীহারিকা মৌ, সুবর্ণা সাঈদ, জিনিয়া জিনি, সাবরিন রূপা, ডোরা মাহি, আকলিমা আঁখি ও মিষ্টি হাসান। বিশেষ চরিত্রে আছেন নিথর মাহবুব ও মাযহার সুমন।
এ নাটকটিতে নির্দিষ্ট গল্প থাকবে না। একেকটি গল্পের উপর তৈরি হবে নাটকের ৪ থেকে ৬পর্ব। নতুন নতুন গল্পের ভিতরের চরিত্রগুলোতে একেক সময় একেকজন শিল্পীর আগমন ঘটবে।
এ পর্যন্ত শুটিং হওয়া পর্বগুলোতে অভিনয় করেছেন, তারিক স্বপন, নওশিন মীম, আইরিন ইরানি, শফিক খান দিলু, সুমন আহমেদ বাবু, ইশিতা, ফারজানা জয়া, আহসানুল হক মিনু, কাজী শীলা, খলিলুর রহমান কাদরী, আইরিন অধিকারী, সোহাগ বিশ্বাস, ইতিশা মন্ডল, সোহেলী মুক্তা, সামিয়া কলি, ফারুক, আয়ান রাকিব সহ আরো অনেকে।-সংবাদ বিজ্ঞপ্তি