বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি বিশেষ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে আনসার ও ভিডিপি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
গত ১১ সেপ্টেম্বর ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুক্তির সুফল হিসেবে আনসার ও ভিডিপি সংগঠনের সদস্যরা কেমন সুযোগ সুবিধা পাবেন তা তুলে ধরে দিক নির্দেশনা ও পরামর্শ দেন।
এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি ও ল্যাবএইড গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের উপ ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির অধীনে সারা দেশের আনসার-ভিডিপি সদস্য, তাদের স্ত্রী, সন্তান ও বাবা-মা ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। সুবিধাগুলো হলো প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে ২০% ছাড়। এছাড়াও বিশেষ টেস্টে ১০% এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনো গ্রাম, ইকো ও ইটিটি টেস্টে ১০% ছাড় পাবেন। আইপিডি ইন-পেশেন্ট ডিপার্টমেন্ট বেড চার্জ ও বেড ক্যাটাগরিতে দৈনিক ৪০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা পাওয়া যাবে। এই চুক্তি কার্যকর করতে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে তাদের পরিচয়পত্র অথবা যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দেখাতে হবে।
এই চুক্তিকে বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর মাধ্যমে, আনসার ও ভিডিপি সদস্যরা এখন আরও সহজে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।–সংবাদ বিজ্ঞপ্তি