আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে শাল্লায় কৃষকদের মাঝে ব্র্যাকের যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত June 29, 2026
আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে শাল্লায় কৃষকদের মাঝে ব্র্যাকের যন্ত্রপাতি বিতরণ

শাল্লা প্রতিনিধি : কৃষিখাতের আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি সংস্থা ব্র্যাক সুনামগঞ্জের শাল্লায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ।
সোমবার (২৯ জুন/১৫ আষাঢ়) সকালে ব্র্যাকের ‘দাবি’ প্রোগ্রামের আওতায় সংস্থার উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
এবার তিনজন কৃষককে ৫০ শতাংশ ভুর্তকি বা অনুদান মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। এর মধ্যে দুই কৃষক পেয়েছেন ধান মাড়াই মেশিন আর এক কৃষককে একটি পাওয়ার টিলার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) মো নূর ইসলাম, উপজেলা হিসাব কর্মকর্তা মো ওবাইদুল ইসলাম, এসএসবিইপি শাল্লা মো আব্দূর রশিদ ও মনিটর আইডিপি মো কামরুজ্জামান সহ ব্র্যাকের স্থানীয় প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নেই। সনাতন পদ্ধতির পরিবর্তে এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিকাজে গতিশীলতা আসবে এবং কৃষকদের কায়িক শ্রম লাঘব হবে। ব্র্যাকের পক্ষ থেকে স্বল্প খরচে প্রান্তিক কৃষকদের হাতের নাগালে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনার এই কার্যক্রম কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।