আদর্শ মানুষ হতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষা অপরিহার্য : অশোক মাধব রায়

প্রকাশিত January 25, 2024
আদর্শ মানুষ হতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষা অপরিহার্য : অশোক মাধব রায়

নবীগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সচিব হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অশোক মাধব রায় বলেছেন, কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে মানুষ হওয়া যায়না। আদর্শ মানুষ হতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষা অপরিহার্য। তাই প্রকৃত অর্থে মানুষ হতে ধর্মীয় উৎসব ও ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করতে হবে।
তিনি তরুণ প্রজন্মকে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণে উৎসাহিত করতে ও গীতা শিক্ষা কেন্দ্রে পাঠাতে অভিভাবকদের প্রতি আহবানও জানিয়েছেন।
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি (১১ মাঘ) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কেলি কানাইপুর গ্রামবাসীর উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন সাধুসঙ্গ বৈষ্ণব মেলা মহোৎসব উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি জানান, হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাড়া দেশে সাড়ে ৭ হাজার গীতা শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রে শিশু-কিশোর ও বৃদ্ধ নারী-পুরুষদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়।
আলোচনা সভায় নামহট্ট ইসকনের সাধারণ সম্পাদক সুমোক্ষ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ও উৎসব কমিটির সভাপতি কাউন্সিলর যুবরাজ গোপের সভাপতিত্বে এবং গীতা আলোচক প্রমথ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের সহসভাপতি অদ্বৈত নমদ্বীপ স্বামী মহারাজ ও বিনয় স্বামী মহারাজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, হবিগঞ্জ ইসকনের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী, ঢাকা উত্তরা ইসকনের অধ্যক্ষ শুভ নিতাই দাস ব্রহ্মচারী প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি রাখাল কুমার গোপ। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ রায়, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, বিষ্ণু পদ রায় ও সাংবাদিক ছনি আহমদ চৌধুরী।
পরে বৈদিক নৃত্য, ধর্মীয় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানমালায় আরও রয়েছে শুক্রবার দিনরাতব্যাপী পালা ও পদাবলী কীর্তন এবং শনিবার দধিভাণ্ড ভঞ্জন ও সমাপনী কীর্তন।