‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণীসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প-এলডিডিপির সহযোগিতায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর/১১ অগ্রহায়ণ) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণীসম্পদের উন্নয়ন হলে খামারির উন্নয়ন হবে। এতে জাতীয় অর্থনীতিতে খামারি তথা প্রাণীসম্পদের অবদান বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, আত্মকর্মসংস্থানের অন্যতম একটি খাত হচ্ছে প্রাণীসম্পদ। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের এ খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
প্রাণীজ আমিষ ছাড়া মানুষের পুষ্টির চাহিদা পূরণ অসম্ভব উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, উৎপাদন খরচ কমিয়ে প্রাণীজ উৎপাদন বাড়াতে পারলে খামারিরা লাভবান হবে এবং দেশে প্রাণীজ আমিষের চাহিদা মিটানো সম্ভব হবে।
উৎপাদন বাড়াতে তিনি বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ড আবু জাফর মো ফেরদৌস। এছাড়া অন্যান্য অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো মিজানুর রহমান মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা নাহিদ আরজুমান বানু।
এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে উন্নত প্রজাতির দেশী-বিদেশী গবাদিপশুসহ প্রাণী ও দুগ্ধজাত বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২৬ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মতো সারাদেশে একযোগে প্রাণীসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে।
প্রাণীসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য প্রাণীসম্পদের উন্নয়ন ও নিরাপদ প্রাণীজ পুষ্টি নিশ্চিত করা।–পিআইডি সিলেট