আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহী জোড় এবার শ্রীমঙ্গলে

প্রকাশিত November 22, 2023
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহী জোড় এবার শ্রীমঙ্গলে

উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহী জোড় ও শেখবাড়ী জামিয়ার ইসলামী মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার মৌলভীবাজরের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাদ ফজর দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বয়নের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী বয়ান পেশ করবেন আমীরে আঞ্জুমান আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
দুই দিনব্যাপী এই মাহফিলে ধারাবাহিক বক্তব্য রাখবেন দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ।
কর্মসূচিতে রয়েছে মশকে কুরআন ও মশকে মাসআলা, কারনামায়ে আঞ্জুমান, আত্মশুদ্ধিমূলক নসীহত ও দুআ-যিকির।
দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি ইসলাহী জোড় ও ইসলামী মহাসম্মেলনে শরিক হওয়ার জন্যে আমীরে আঞ্জুমান, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) আহ্বান জানিয়েছেন।
এদিকে মাহফিলকে সফল করার জন্য রাত-দিন নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন আঞ্জুমানের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও শেখবাড়ী জামিয়ার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এলাকাবাসীরাও বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
মাহফিল উপলক্ষে পুরো জামিয়াজুড়ে সাজসাজ রব। প্রস্তুতিও শেষের দিকে। প্রস্তুত করা হয়েছে বিশাল মাঠ। মাদরাসা ক্যাম্পাস, মসজিদ ও শ্রেণিকক্ষগুলোকেও আগত মেহমানদের থাকার ও বসার উপযোগী করে প্রস্তুত। মেহমানদের বরণ করার প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি