নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মানু মিয়া হত্যা মামলার প্রধান আসামি সহ ৩ জনকে সিলেটে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকায় গত ১০ মে আনুমানিক রাত সাড়ে ১২টায় এলাকার মালেক মিয়া ও তাজুল ইসলামের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। তবে আশেপাশের লোকজন বিরোধটি নিষ্পত্তি করে দেন; কিন্তু কিছুক্ষণ পরে মালেক মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার মানু মিয়ার বাড়িতে গিয়ে তাজুল ইসলামকে আক্রমণ করে।
এ সময় মানু মিয়া ও তার স্ত্রী রিনা বেগম তাজুল ইসলামকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীদের হাতে মানু মিয়া গুরুতর জখম হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাতিজা বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিএসপি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল বুধবার (১০ জুন) রাত পৌণে ২টার দিকে সিলেট মহানগরীর বরদুল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শিবপাশা গ্রামের মৃত নূর মিয়ার ছেলে মালেক মিয়া ও অপর আসামি আলেক মিয়াকে গ্রেফতার করে।
এরে আগে আরেক অভিযানে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল একই রাত দেড়টার দিকে শাহজালাল উপ শহর থেকে মামলায় আরেক আসামি সুমন আহমেদ জয়কে (পিতা হুমায়ুন কবির শাহিন, সুলতানসি, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।