আজমিরীগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত শতাধিক

প্রকাশিত December 9, 2025
আজমিরীগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত শতাধিক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ফেসবুকে পোস্টকে কেন্দ্র বিএনপির দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক। এ সময় ব্যাপক ভাংচুরও হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাকাইছেও এলাকায় বিএনপি নেতা আল কুরআন সওদাগর ও তার ভাই যুবদল নেতা কুহিন সওদাগরের সাথে একই এলাকার বিএনপি কর্মী হান্নান-হুমায়ূন পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
এর জের ধরে সোমবার (৮ ডিসেম্বর) হান্নান-হুমায়ূন পক্ষের নেতা-কর্মীরা আল কুরআন সওদাগর ও কুহিন সওদাগরের বাবার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে আল কুরআন সওদাগর ও হুমায়ূন আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল কুরআন সওদাগরের উপর হামলা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এর জের ধরে পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; কিন্তু মঙ্গলবার (৯ ডিসেম্বর/২৪ অগ্রহায়ণ) সকালে এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে রাসেল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আকবর হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।