বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সদর উপজেলার ৫০ জন উপকারভোগীকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছে।
বুধবার, ২১ জুন সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান অনুদান বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাবেক সভাপতি মো শাবান মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, যারা স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করেছেন তাদেরকেই কেবল অনুদান দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডল জানান, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার ৯টি উপজেলায় ২ হাজার ১০০ জন উপকারভোগীকে ৩ হাজার টাকা করে মোট ৬৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে। প্রথম দিন হবিগঞ্জ সদর উপজেলার ৫০ জনকে অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় অনুদান দেওয়া হবে।