নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নরসিংদীর কিশোরী অপহরণ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করেছে।
র্যাব-৯ জানায়, নরসিংদীর রায়পুরা উপজেলার মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ৫ নভেম্বর এক দুর্বৃত্ত ও তার সহযোগীরা অপহরণ করে।
এ ব্যাপারে ছাত্রীর মা বাদি হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৬ নভেম্বর) মধ্যরাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার সংলগ্ন তৈমুর নগর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৪ ঘণ্টার মধ্যে ১ নম্বর ও ২ নম্বর আসামি রায়পুরা উপজেলার গোপিনাথপুর গ্রামের পিতাপুত্র রহমত উল্লাহ খন্দকার (২১, পিতা মো কাজল মিয়া) ও মো কাজল মিয়াকে (৪৫, পিতা মৃত ইকো মিয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয় ও উদ্ধারকৃত কিশোরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।