অকেজো যানবাহন মেরামত করছে সিসিক || সাশ্রয় হবে ১৪ কোটি টাকার বেশি

প্রকাশিত March 17, 2026
অকেজো যানবাহন মেরামত করছে সিসিক || সাশ্রয় হবে ১৪ কোটি টাকার বেশি

সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের দীর্ঘদিন ধরে অচল হয়ে গ্যারেজে পড়ে থাকা ২০টি যানবাহন মেরামত করে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় ১৪ কোটি টাকা সাশ্রয় হবে।
সোমবার (১৬ মার্চ)) সকালে মহানগরীর তোপখানায় সিসিকের পরিবহন শাখায় এই মেরামত কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সঙ্গে সেখানে নবনির্মিত আধুনিক শেডও উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। সিসিকের সব শাখায় ব্যয় সাশ্রয়ের চেষ্টা চলছে। তবে গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
প্রশাসক আরো জানান, সিসিকের প্রকৌশলীরা নিজস্ব তত্ত্বাবধানে মেরামত কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতিটি যন্ত্রাংশের গুণগত মান, ওয়ারেন্টি ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
নতুন শেড নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ে মেকানিকদের গাড়ি মেরামত করতে হতো। এখন থেকে এই শেডের ভেতরে তারা স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও দ্রুত কাজ করতে পারবেন। এতে তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং কাজের গতি ও মান বৃদ্ধি পাবে।
সিসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে কর্নেল (অব) মোহাম্মদ উল্লাহ সজীব জানান, নতুন যানবাহন ক্রয় করতে হলে ১৫ থেকে ১৬ কোটি টাকা ব্যয় হতো; কিন্তু পুরোনো অকেজো যানবাহনগুলোর মধ্যে মেরামতের মাধ্যমে মাত্র ১ কোটি ৩৫ লাখ টাকায় ২০টি পুনরায় সচল করা সম্ভব হবে। এতে ১৪ কোটি টাকার বেশি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে কর্নেল (অব) মোহাম্মদ উল্লাহ সজীব, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ তামিম, জাবেরুল ইসলাম, শাফায়েত আহমদ সৈকত ও উপসহকারী প্রকৌশলী রাজন মোহন দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি