স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে উন্মোচিত হলো সম্ভাবনার নতুন দিগন্ত

প্রকাশিত June 25, 2022
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে উন্মোচিত হলো সম্ভাবনার নতুন দিগন্ত

জাাকরিয়া হোসেন : বাঙালির গর্ব আর গৌরবের ধারায় স্বাধীনতা উত্তর অসাধ্য সাধনের সবচেয়ে বড় অর্জন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো। এর মধ্য দিয়ে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করলেন, পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও স্বপ্ন পূরণের সারথি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই মাহেন্দ্রক্ষণে উৎসবে মেতেছিল গোটা দেশ; কিন্তু সর্বনাশা বন্যার কারণে সিলেট সে রকমভাবে মাততে পারেনি। তবে সীমিত আয়োজনে হলেও সম্পৃক্ত হয়েছিল।
এটা সত্য যে, সরকারিভাবেই আনন্দ আয়োজন বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি না করতে নির্দেশ দেওয়া হয়েছিল। না হলে এই মহাদুর্যোগেও সিলেটবাসী স্বপ্ন পূরণের উৎসবে পরিপূর্ণভাবে একাত্ম হতেন। ইতিহাসের এমন একটি অনন্য অধ্যায় সংযোজন মুহূর্তে নীরব হয়ে থাকতেন না। সিলেট ইতিহাস সৃষ্টি করে। ইতিহাসে নতুন নতুন অধ্যায় সংযোজনে এগিয়ে থাকে।
মাথা না নোয়নোর বাংলাদেশে সকল চক্রান্ত-ষড়যন্ত্র আর বাঁধা-বিপক্তিকে প্রমত্তা পদ্মায় চুবিয়ে অদম্য বাঙালির মতোই মাথা উঁচু করে দাঁড়ানো এই স্বপ্নের সেতুর উদ্বোধন উপলক্ষে সিলেটে সরকারি কর্মসূচি ছিল, সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা, বিটিভি ওয়ার্ল্ডে উদ্বোধন পর্বের সরাসরি সম্প্রচার বড় পর্দায় প্রদর্শন, দোয়া, শিরণি ও একঝাঁক বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে নতুন সম্ভবনার কথা ছড়িয়ে দেওয়া। এক এক করে সবই হলো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, পুলিশের উপমহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম, আওয়ামী লীগের মহনগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা জন্মেজয় দত্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সহ বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।