বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত February 5, 2026
বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে : আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সংলগ্ন পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় এই অঞ্চলের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছেন। আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন) পাথর উত্তোলন পরিবেশের ক্ষতি করে। তাই পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারিগুলো দীর্ঘ দিন থেকে বন্ধ। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষা করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে কোয়ারিগুলো খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি/২২ মাঘ) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই, পূর্ব ইসলামপুর ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, কোয়ারিগুলো বন্ধ থাকায় পাথর শ্রমিক, ট্রাক চালক ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া কোয়ারি বন্ধ থাকার ফলে একদিকে যেমন মানুষ বেকার হচ্ছে, অন্যদিকে নির্মাণ কাজের জন্য বাইরে থেকে পাথর আমদানিতে বিপুল অর্থ বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর আবার প্রকৃতপক্ষে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে মানুষ। তাই এবার সবাই যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে তা নিশ্চিত করতে হবে। সিলেটে ভোটের এমন পরিবেশ তৈরি করতে হবে, যেন সারা বাংলাদেশে তা দৃষ্টান্ত হয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বর্তমান সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর সহসভাপতি সাদিকুর রহামান সাদিক, জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি সওকত আলী বাবুল, মো নজীর আহমদ, আব্দুর রকীব, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নূরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, অ্যাডভোকেট কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আতাউর রহমান প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি