সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ আবু ইউছুফ জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রায় ২ কোটি ভাতাভোগীর কাছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ভাতাভোগী ও সেবাপ্রত্যাশীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (৫ জানুয়ারি/২২ মাঘ) সিলেট মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে সিলেট বিভাগে কর্মরত সমাজসেবা অধিদপ্তরাধীন কর্মকর্তাদের সঙ্গে ‘গণভোট বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড মোহাম্মদ আবু ইউছুফ বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রদত্ত লিফলেটগুলো নিজ নিজ অঞ্চলের ভাষায় সাধারণ জনগণকে বুঝাতে হবে। খেটে খাওয়া মানুষ ও কৃষক-শ্রমিকসহ সাধারণ জনতাকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী হবে-সে বিষয়টি স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, অতীতের একনায়কতন্ত্রের মাধ্যমে কীভাবে দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তা জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। পরিবর্তন চাইলে গণভোটে ইতিবাচক ফলাফল প্রয়োজন-এ বিষয়টি মানুষকে বুঝতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে সমাজকল্যাণ সচিব বলেন, সরকারের সব প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবশ্যই অনুষ্ঠিত হবে। কারো অপপ্রচারে নির্বাচন বা গণভোট বন্ধ হবেনা। গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না-এ ধরনের গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, একসময় অনেকেই বিশ্বাস করেছিল, এ দেশে এক ব্যক্তির ক্ষমতা চিরস্থায়ী হয়ে গেছে। সেই সুযোগে তারা নজিরবিহীন অপকর্মে লিপ্ত হয়েছিল। জুলাই যোদ্ধারা দেশকে সেই জিম্মিদশা থেকে মুক্ত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে শহীদদের রক্ত দিয়ে লেখা জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার সারওয়ার মামুন চৌধুরী।
সভায় সিলেট বিভাগের চারটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী/পিআইডি সিলেট