জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার বিকল্প নেই। এই ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেছেন, তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়-এটি আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা।
রবিবার (১ ফেব্রুয়ারি/১৮ মাঘ) কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও ইছাকলস ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রিকারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের জন্য একটি গোষ্ঠী সহজ-সরল মা-বোনদের ধোঁকা দিচ্ছে। ইসলামের নামে বিভ্রান্ত করে তাদেরকে ভোট দিতে ওয়াদাবদ্ধ করছে যা কোনভাবে কাম্য নয়। তাদের থেকে সবাইকে সচেতন-সজাগ থাকতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, “এই এলাকা থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে; কিন্তু এর বিনিময়ে আমরা কি পাই। এবার আমাদের নায্য অধিকার ও হিস্যা বুঝিয়ে দিতে হবে।’
এ সময় তার সাথে ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহামান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা যুবদলের সহসভাপতি সাহেদ আহমদ চমন, জেলা তাঁতীদলের আহবায়ক মো হানিফ, নেওয়ার আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি সওকত আলী বাবুল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি