কাজী সাজুর প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’

প্রকাশিত August 12, 2020
কাজী সাজুর প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’

ছোটবেলা থেকেই গানের প্রতি অদম্য টান কাজী সাজুর। পারিবার থেকেই গানের হাতেখড়ি। বাল্যকালেই ওস্তাদের শরণাপন্ন হন তিনি। একে একে চারজন ওস্তাদের কাছে গানের তালিম নেন। আয়ত্ব করেন গানের বিভিন্ন দিক। এরপর শিল্পকলা একাডেমি থেকে গান শিখেন। দখলদারিত্ব আছে প্রায় দেশীয় সব বাদ্যযন্ত্রেই। নিয়ম করেই গানের চর্চা চালিয়ে যান তিনি। দীর্ঘদিনের সংগীত সাধনা এবার সার্থক হচ্ছে কাজী সাজুর। প্রকাশ পেতে যাচ্ছে তার প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’।
নিজের কথা, সুর আর তরিকের সংগীতায়োজনে এই গান কন্ঠে তুলেছেন কাজী সাজু। আল মাসুদ নির্মাণ করেছেন গানটির ভিডিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
উচ্ছ্বসিত কাজী সাজু গানটি প্রসঙ্গে জানালেন, ‘আমার জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে এই গান প্রকাশের মাধ্যমে। সেই স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন। কৃতজ্ঞতা ধ্রুব গুহ দাদার প্রতি। সব শ্রেণির শ্রোতার কথা চিন্তা করেই গীতিকবিতাটি লিখেছি ও সুর করেছি। সংগীতায়োজনটি শ্রোতাদের প্রশান্তি দেবে। গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।’
ধ্রুব মিউজিক স্টেশন জানায়, বৃহস্পতিবার তাদের ইউটিউবে অবমুক্ত করা হবে ‘ভালোবাসায় কি ভুল ছিলো’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।