উত্তাল মার্চ : সমর্থন ঘোষিত হতে থাকে অসহযোগ আন্দোলনের প্রতি

প্রকাশিত March 14, 2022
উত্তাল মার্চ : সমর্থন ঘোষিত হতে থাকে অসহযোগ আন্দোলনের প্রতি

আল আজাদ : ১২ মার্চ শুক্রবার আন্দোলন আরো জোরদার হয়ে উঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহুত অসহযোগ আন্দোলনের প্রতি একের পর এক সমর্থন ঘোষিত হতে থাকে।
সিএসপি ও ইপিসিএস সমিতি অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে। সিএসপি ও প্রথম শ্রেণির ইপিসিএস কর্মচারীরা আওয়ামী লীগের সাহায্য তহবিলে তাদের একদিনের বেতন দান করেন। বঙ্গবন্ধু তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শহীদদের পরিবারবর্গ ও আহতদের সাহায্যার্থে আওয়ামী লীগের সাহায্য তহবিলে দান করার জন্যে আহবান জানিয়েছিলেন।
জাতির এই সংগ্রামী পথযাত্রার সুযোগ নিয়ে যাতে স্বার্থান্বেষী ব্যবসায়ী ও মজুতদাররা দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্যে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ একটি নির্দেশ জারি করে।
এভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলে। পাকিস্তানি সামরিক চক্রও ঘৃণ্য চক্রান্তে লিপ্ত থাকে। তারা বাংলাদেশের মানুষকে যে কোন উপায়ে পরাভূত করতে সংকল্পবদ্ধ। নানাভাবে স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত পূর্ব বাংলার জনগণকে কব্জা করে নিতে পাক সামরিক শাসকরা পরিকল্পনার পর পরিকল্পনা রচনা করতে থাকে।