ব্যস্ততার মধ্যেও কয়েক মাস পর শেষ হলো শাকিব খান ও পরীমনি অভিনীত সফিক হাসানের ‘ধূমকেতু’। নায়ককে পাওয়া গেলেও নায়িকাকে পাওয়া যায় না, আবার নায়িকার শিডিউল মিললেও দেখা মেলে না নায়কের। অবশেষে শেষ হলো ‘ধূমকেতু’ ছবির বাকি থাকা দুটি গানের শুটিং। কক্সবাজারে টানা পাঁচ দিন কাজ করার পর বৃহস্পতিবার গান দুটি ও সিনেমাটি ডাবিংয়ের কাজ শেষ করে সেন্সরে দেওয়া হয়েছে।
পরিচালক সফিক হাসান জানান, আমাদের এখন মন্দ সময়টাই যাচ্ছে। এটা একেবারেই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বাংলাদেশে নিজের খেয়াল খুশি ছেড়ে একজন সুপার স্টারকে নিয়ে সিনেমা নির্মাণ করা যে কতটা কষ্টের, না করলে বুঝা যাবে না। আমি অনেক সময় নিয়ে হলেও ‘ধূমকেতু’ সিনেমাটি শেষ করতে পেরেছি এতেই আমি খুশি। এবার ভাল মন্দের বিচার দর্শকরাই করবে। সেন্সর হয়ে গেলেই ধুমধাম করে ‘ধূমকেতু’ উৎসব করব।
‘ধূমকেতু’ কলকাতার আইডল খ্যাত শিল্পীর গানের আরেক চমক হিসেবে এই প্রথমবার আইটেম গার্ল হিসেবে থাকছেন হ্যাপী। আহম্মেদ হুমায়ুনের মিউজিক পরিচালনায় ‘ধূমকেতু’ সিনেমায় গান করেছেন কুমার বিশ্বজিৎ, কণা, ইমরান, খেয়া ও কিশোর। আরও অভিনয় করেছেন আলীরাজ, দিতি, তানহা তাসনিয়া, শিবা, সানু প্রমুখ।