বঙ্গবন্ধুর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহবান জানান মাওলানা ভাসানী

প্রকাশিত March 20, 2022
বঙ্গবন্ধুর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহবান জানান মাওলানা ভাসানী

আল আজাদ : ২০ মার্চ শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় জাতি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেবে।
তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহবান জানিয়ে বলেন, এই তত্ত্বাবধায়ক সরকার স্বাধীন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্থির করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোশতাক আহমদ, মনসুর আলী, কামরুজ্জামান ও ড কামাল হোসেনকে নিয়ে রাষ্ট্রপতি ও তার উপদেষ্টাদের সাথে ১৩০ মিনিট স্থায়ী আলোচনায় মিলিত হন। পরে সাংবাদিকদেরকে তিনি জানান, রাজনৈতিক সংকট সমাধানের পথ ধরে তারা এগিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধু তার বাসভবনে মিছিল নিয়ে আসা জনতার উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সাথেই থাকবো। দাবি যদি গৃহীত না হয় তাহলে সংগ্রামের জন্যে প্রস্তুত থাকতে হবে।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ২৩ মার্চ ঘরে ঘরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের জন্যে দেশবাসীর প্রতি আহবান জানায়।